অতিরিক্ত তরঙ্গ বরাদ্দ চেয়েছে রবি, বাংলালিংক ও টেলিটক

১৪ এপ্রিল, ২০২০ ০০:৩৭  
স্বাভাবিক সময়ের চেয়ে ৩০ শতাংশ ব্যবহার বাড়ায় গ্রাহকদের আরো ভালো সেবা দিতে বিনামূল্যে অতিরিক্ত তরঙ্গ বরাদ্দ চেয়েছে ৩ মোবাইল অপারেটর। রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক ছাড়াও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র কাছে এই আবেদন করেছে রবি ও বাংলালিংক। তবে এ বিষয়ে এখানো কোনো আবেদন করেনি দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। সূত্রমতে, বিটিআরসিকে পাঠানো চিঠিতে তিন মাস সময়ের জন্য তরঙ্গ বরাদ্দ চাওয়া হলেও কতটুকু তরঙ্গ প্রয়োজন তা উল্লেখ করেননি অপারেটররা। তারা কিনে নেবে নাকি বিনামূল্যে তরঙ্গ ব্যবহার করতে চায় তার কথাও উল্লেখ করা হয়নি। পাশাপাশি কিনে নিলে সেক্ষেত্রে মূল্য কতো হবে তাও চিঠিতে স্পষ্ট করা হয়নি। শুধু বলা হয়েছে, তারা যদি অতিরিক্ত তরঙ্গ পায় তবে গ্রাহকের ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সহায়ক হবে।